কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচন

প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০১:০২ এএম

তৃতীয় ধাপে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। গত ৮ মার্চ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই বদলে গেছে এই উপজেলার রাজনীতির ভোটের মাঠের চিত্র। নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে প্রত্যন্ত জনপদ থেকে শুরু করে ব্যস্ততম শহরের অলিগলি। গ্রামে-গ্রামে চলছে উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ। প্রার্থীদের কর্মী-সমর্থকরা দল বেঁধে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। এ ছাড়া সকাল থেকে রাত ৮টা পর্যন্ত রিকশা বা অটোরিকশাযোগে মাইকিং করে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করা হচ্ছে গানে গানে। ভোটারদের সঙ্গে খোঁজা হচ্ছে আত্মীয়ের যোগসূত্র। উপজেলার ও পৌর এলাকার হাটবাজার, পথঘাটে ভোটারদের মধ্যেও চলছে নানান হিসাব-নিকাশ।

ভোটারদের মধ্যে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে কোনো কমতি নেই। উন্নয়ন ও সহযোগিতার প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। সাধারণ ভোটারের মন জয় করতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশুদ্ধ পানি সরবরাহ, উপজেলার ঐতিহ্য রক্ষণাবেক্ষণ করে নান্দনিক উপজেলা রূপান্তর, খাল রক্ষাসহ বিভিন্ন উন্নয়ন এবং সমাজের মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে নিয়োজিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

কাপ-পিরিচ প্রতীকে নির্বাচনী গণসংযোগ শেষে কিশোরগঞ্জ সদর উপজেলা যুবলীগ নেতা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মামুন আল মাসুদ বলেন, যতই নির্বাচন ঘনিয়ে আসছে তার জনপ্রিয়তা ততই বাড়ছে। নেতাকর্মী-সমর্থকরা রাত-দিন ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। নির্বাচন সুষ্ঠু হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

গণসংযোগকালে কিশোরগঞ্জ সদর উপজেলার নৌকা প্রতীকের প্রার্থী সাকাউদ্দিন আহম্মেদ রাজন বলেন, ‘যোগ্য মনে করেই দল আমাকে নৌকা মার্কা দিয়েছে। সাধারণ ভোটার আমার পাশে আছে।’ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার আশা ব্যক্ত করেন আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী।

কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে সাত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৯৯০। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৩৬৩ এবং মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬২৭।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত