সভায় বিশেষজ্ঞরা

কিডনি রোগে ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০২:০৩ এএম

বাংলাদেশে কিডনি রোগে ঘণ্টায় পাঁচ শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি বাংলাদেশ (পিএনএসবি) আয়োজিত আলোচনা সভায় তারা এ তথ্য জানান। ‘সুস্থ কিডনি সবার জন্য’ এ প্রতিপাদ্যে এবার দিবসটি পালিত হয়। দেশে সব ধরনের কিডনি প্রতিস্থাপনসহ এ রোগের সর্বোচ্চ চিকিৎসার সুব্যবস্থা রয়েছে বলেও মন্তব্য তাদের।

বিশেষজ্ঞরা বলেন, দেশের প্রায় ২ কোটি লোক বিভিন্ন ধরনের কিডনি জটিলতায় ভুগছে। যাদের মধ্যে প্রায় অর্ধকোটি শিশু। কিডনি রোগে ঘণ্টায় পাঁচ শিশু মারা যাচ্ছে। প্রায় ৭৫ থেকে ৮৫ শতাংশ মানুষ কিডনি রোগ সম্পর্কে জানে না। আক্রান্ত হয়ে তারা এর ভয়াবহতা সম্পর্কে জানে। আলোচনা সভায় গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেডিসিন ও নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মাঈন উদ্দিন এবং জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন খানসহ দেশের খ্যাতিমান কিডনি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত