বিদেশি সংবাদমাধ্যম, মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের ‘ভুয়া’ অভিযোগের ভিত্তিতে সৌদি আরব প্রায় এক বছর ধরে নারী অধিকারকর্মীদের আটক করে রেখেছিল বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটকের পর গত বুধবার সৌদির রাজধানী রিয়াদের একটি অপরাধ আদালতে অন্তত ১০ নারীর বিচার শুরু হয়। অ্যামনেস্টি বলেছে, ওইদিন ১১ নারীকে আদালতে হাজির করা হয়। সংস্থাটির ভাষ্য, তাদের বিরুদ্ধে নারী অধিকারের পক্ষে প্রচার ও পুরুষ অভিভাবকত্ব ব্যবস্থার অবসানের আহ্বান জানানোর অভিযোগ আনা হয়েছে। গত বৃহস্পতিবার মানবাধিকার সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘আন্তর্জাতিক সংগঠন, বিদেশি মিডিয়া ও অন্য অধিকারকর্মীদের সঙ্গে যোগাযোগের জন্যও ওই নারীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’ যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক অধিকার সংগঠন এএলকিউএসটি জানিয়েছে, সৌদি আরবের সাইবার অপরাধ আইনে ওই নারীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
