কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদের (আওয়ামী লীগপন্থি) প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ ১৩ পদে জয়ী হয়েছেন এ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপিপন্থি) প্যানেল সিনিয়র সহসভাপতিসহ চারটি পদে জয় পেয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাত ৯টা থেকে গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ভোট গণনা হয়। গতকাল দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা জজ আদালত আইনজীবী সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়।
সম্মিলিত আইনজীবী পরিষদের বিজয়ীদের মধ্যে আছেন সভাপতি আবদুল মোমিন ফেরদৌস, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, সিনিয়র সহসভাপতি ইকরাম হোসেন, সহসভাপতি আলী আশ্রাফ, সহসাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ জামান, কোষাধ্যক্ষ শাহজাহান সিরাজ, এনরোলমেন্ট সম্পাদক শরীফ আহমেদ ভূইয়া, সহ-এনরোলমেন্ট সম্পাদক ইকবাল হোসেন, আমোদ-প্রমোদ সম্পাদক সাইফুল ইসলামসহ পাঁচজন সদস্য। জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ থেকে বিজয়ীদের মধ্যে আছেন সিনিয়র সহসভাপতি দিপাল কুমার চৌধুরী, পাঠাগার সম্পাদক গাজী নজরুল ইসলাম মানিকসহ দুজন সদস্য।॥ নির্বাচনে ১ হাজার ৩৯ ভোটারের মধ্যে ১ হাজার ৪ জন ভোট প্রদান করেন।
