রংমিস্ত্রি সেজে বিভিন্ন বাড়িতে কাজের ফাঁকে বিদেশি মুদ্রা বাংলাদেশি টাকায় বিক্রির কথা বলে সহজ-সরল মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল একটি চক্র।
বয়স্ক ব্যক্তি ও দামি গাড়ির যাত্রীদের টার্গেট করে রিয়াল দেখিয়ে কম মূল্যে বিক্রির কথা বলে প্রলোভন দেখাত চক্রটি। তাদের কাছে গিয়ে বোকা সেজে ডলার কখনো রিয়াল না চেনার ভান করত। জানতে চাইত, এগুলো কোন দেশের টাকা? কীভাবে বা কোথায় এগুলো ভাঙানো যাবে? এভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করত। এরপর কম টাকাতে হলেও বিদেশি মুদ্রাগুলো ভাঙাতে চাইত তারা। আর লাভের আশায় প্রলোভনের ফাঁদে পড়ে কম দামে মুদ্রাগুলো কিনে নিজেই বোকা বনে যেত ভুক্তভোগীরা।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে এ প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব-১। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম এ তথ্য জানান।
আটককৃতরা হলো আবু শেখ (৩৮), শাহিন মাতব্বর (৩৭), মহসিন মিয়া (৪৫), আবুল বাশার (৪০), কামরুল শেখ (৩৫), ইশারত মোল্লা (২৭) ও আবদুর রহমান মোল্লা (৪০)। তাদের থেকে ১ হাজার ৫০০ রিয়াল, ৩ হাজার ৮২২ টাকা ও ১০টি মোবাইল সেট জব্দ করা হয়েছে। চক্রটি বিভিন্নভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। তারা পেশায় রংমিস্ত্রি।
