পাবনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৮:১৫ পিএম

পাবনা পৌর  এলাকার সুতাপট্টি থেকে বীথি আক্তার সাজু (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে  শহরের সুতাপট্টি এলাকায় জামিল সুপার মার্কেটের পাঁচতলায় একটি আবাসিক ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বীথি আক্তার সাজু সদর উপজেলার মনোহর পুর গ্রামের শাহেদা খাতুনের মেয়ে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবাইদুল হক জানান, চারমাস আগে জুলফিকার আলি ভুট্টো নামের এক ব্যক্তি স্বামী স্ত্রী পরিচয়ে বীথিকে নিয়ে জামিল সুপার মার্কেটের পাঁচ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। গত কয়েক দিন ধরে কারো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ করেন। দীর্ঘ সময় ধরে কেউ দরজা না খোলায় পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, প্রাথমিক ধারণায় গৃহবধূ কে শ্বাস রোধে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গৃহবধূর স্বামী জুলফিকার আলি ভুট্টো পলাতক রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

গৃহবধূর ছেলে হিমেল হাসান জানায়, জুলফিকার আলী ভুট্টো তার মায়ের দ্বিতীয় স্বামী। তার বাবার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর কয়েক মাস আগে তার মা ভুট্টোকে বিয়ে করেন। মাঝে মাঝেই ভুট্টো তার মাকে মারধর করতেন। ভুট্টোই মাকে হত্যা করেছে বলে দাবি করেন হিমেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত