পাবনা পৌর এলাকার সুতাপট্টি থেকে বীথি আক্তার সাজু (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে সুতাপট্টির জামিল সুপার মার্কেটের পঞ্চমতলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বীথি আক্তার সাজু সদর উপজেলার মনোহরপুর গ্রামের শাহেদা খাতুনের মেয়ে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবাইদুল হক জানান, চারমাস আগে জুলফিকার আলি ভুট্টো নামের এক ব্যক্তি স্ত্রী পরিচয়ে বীথিকে নিয়ে জামিল সুপার মার্কেটের পাঁচ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। গত কয়েকদিন ধরে কারও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ করেন। কিন্তু দীর্ঘ সময় ধরে কেউ দরজা না খোলায় তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে। পুলিশ আরও জানায়, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। স্বামী জুলফিকার আলি ভুট্টো পলাতক। গৃহবধূর ছেলে হিমেল হাসান জানান, জুলফিকার আলী ভুট্টো তার মায়ের দ্বিতীয় স্বামী। তার বাবার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর কয়েক মাস আগে তার মা ভুট্টোকে বিয়ে করেন। মাঝে মাঝেই ভুট্টো তার মাকে মারধর করতেন। ভুট্টোই মাকে হত্যা করেছে বলে দাবি করেন হিমেল।
