রাজধানীতে ট্রাফিক আইন মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা এবং ট্রাফিক শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে আজ রবিবার থেকে ২৩ মার্চ পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপির উপ-কমিশার মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রমে জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এরই মধ্যে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক শৃঙ্খলার লক্ষ্যে গত বছরের ৫-১৪ আগস্ট ও ৫-৩০ সেপ্টেম্বর মাসব্যাপী ট্রাফিক সচেতনতা মাস, ২৪-৩১ অক্টোবর ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ এবং গত ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালন করা হয়। এর মাধ্যমে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক গাইড বুক প্রকাশ ও প্রচার, ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া, টার্মিনালে সভা-সমাবেশ, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, লিফলেট, পোস্টার বিতরণ, পথচারীদের ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পারাপারে উদ্বুদ্ধকরণসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
