নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন ইসলামি সংগঠন। গতকাল শনিবার বিবৃতি ও মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে সংগঠনগুলো।
এর মধ্যে গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান নূরুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন, ‘এসব সন্ত্রাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম অভিবাসীবিদ্বেষী মনোভাব থেকে অনুপ্রাণিত ও ইসলামের চিহ্নিত দুশমন পশ্চিমা গোষ্ঠীর মদদপুষ্ট। বিশ্বের বুকে নিউজিল্যান্ড শান্তির দেশ হিসেবে পরিচিতি পেলেও এই শান্তি সাম্প্রদায়িক ঘাতক মানসিকতা তৈরি ঠেকাতে পারেনি।’
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ, আনজুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভা-ারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টি মানববন্ধন কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, ‘আজ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদী নৃশংস হামলা চললেও ওআইসি ও আরব লিগসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর দৃশ্যমান কোনো উদ্যোগ বা ভূমিকা চোখে পড়ছে না। জাতিসংঘসহ আন্তর্জাতিক অন্য সংস্থাগুলোকে সক্রিয় করে সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত মানবিক শান্তিময় বাসযোগ্য পৃথিবী গড়তে বিশ্ব নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে।’
