নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় মুসলিমদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। গতকাল শনিবার মেলবোর্নের একটি অনুষ্ঠানে তার মাথায় ডিম ভেঙে বর্ণবাদী আচরণের প্রতিবাদ করে এক কিশোর। গত
শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় মুসলিমদের দায়ী করেন অ্যানিং। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি লেখেন, ‘আজ হয়তো মুসলমানরাই শিকারে পরিণত হচ্ছে, সাধারণত তারাই শিকার করে থাকে।’
আরেক পোস্টে তিনি লেখেন, ‘ক্রাইস্টচার্চে আজকের এই হামলা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আমাদের কমিউনিটিতে মুসলমানদের উপস্থিতি বৃদ্ধির ফলে সৃষ্ট আতঙ্ককে সামনে নিয়ে এসেছে।’ এমন মন্তব্য করে নিজ দেশেই তোপের মুখে পড়েন অ্যানিং। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনও তার সমালোচনা করেন।
সিএনএনসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এক কিশোর পেছন থেকে হঠাৎ ডিম দিয়ে আঘাত করে সিনেটরকে। পাল্টা আক্রমণ করেন সিনেটরও। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে চড় মারতে দেখা গেছে। অস্ট্রেলিয়ার কোনো সংবাদমাধ্যম তাৎক্ষণিকভাবে কিশোরের পরিচয় প্রকাশ করেনি।
