মসজিদে গুলির ৯ মিনিট আগে প্রধানমন্ত্রীকে সন্ত্রাসীর মেইল!

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১০:৩৬ এএম

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচার গুলি চালিয়ে ৫০ জনকে হত্যার নয় মিনিট আগে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে হামলার কথিত ‘ইশতেহার’ মেইল করেছিল শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন ট্যারেন্ট।

আলজাজিরা জানায়, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদে বিশ্বাসী এই খ্রিস্টানের ৭৪ পৃষ্ঠার ‘ইশতেহার’ ছিল ‘আগ্রাসনকারীদের (মুসলিম)’ বিরুদ্ধে আক্রমণাত্মক গালিগালাজ আর বিষোদগারে পূর্ণ।

প্রধানমন্ত্রী আরডার্ন বলেন, হামলার নয় মিনিট আগে তার কার্যালয় এবং অন্যান্যদের মেইল করে অভিযুক্ত বন্দুকধারী। তবে এই হত্যাযজ্ঞ ঠেকাতে পর্যাপ্ত সময় পাওয়া যায়নি।

রোববার তিনি বলেন, “আমরা যদি এটা ঠেকাতে পারতাম, সম্পূর্ণভাবেই আমরা সেটা করতাম।”

তিনি বলেন, “প্রায় ৩০ জন ব্যক্তি ওই মেইলটি গুলি শুরুর নয় মিনিট আগে পেয়েছেন। এটি পাওয়ার দুই মিনিটের মধ্যে পার্লামেন্টারি সিকিউরিটিতে পাঠানো হয়েছিল।”

তিনি বলেন, “কিন্তু যখন এসব মেইল দেখা হয়, ইতোমধ্যে পুলিশ হামলার বিষয়ে ৯১১টি কল পায় এবং তারা অভিযানে নামে। ৩৬ মিনিটের মধ্যে কোনো একজনকে আটক করা হয়।”

শুক্রবার জুমার নামাজে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শ্বেতাঙ্গ খ্রিস্টান ব্রেনটন ট্যারেন্টের নির্বিচার গুলিতে বাংলাদেশিসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। আহত হন ৪৬ জন যাদের ১২ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

হামলার ঘটনায় পুলিশ এক নারীসহ চারজনকে আটক করে। তবে তাদের মধ্যে কেবল ট্যারেন্টকে আদালতে তোলা হয়।

পুলিশ এখন বলছে, দুটি মসজিদে ট্যারেন্ট একাই হামলা চালিয়েছে। প্রায় ৩৬ মিনিট সে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। তার কাছে দুটি মেশিনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ছিল। তার গাড়িতে বিস্ফোরকও পাওয়া গেছে।

জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউডের মসজিদে হামলা চালায় ট্যারেন্ট। স্ট্রিকল্যান্ড স্ট্রিটে একটি গাড়িবোমা হামলার চেষ্টার ঘটনাও ঘটেছে।

ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছের আল নুর মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত