নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী ব্রেনটন ট্যারেন্টকে জাপটে ধরা সেই ব্যক্তি মারা গেছেন। পাকিস্তানের এই নাগরিকের নাম নাঈম রশিদ।
নিউ জিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, শনিবার রাতে ক্রাইস্টচার্চ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মারা যায় তার ছেলে তালহা রশিদ।
ব্রেনটনকে গুলি করতে দেখে নাঈম তাকে জাপটে ধরেন। বন্দুক না নামানো পর্যন্ত তিনি এভাবে ছিলেন। ওই সময় তার শরীরে গুলি লাগে।
নাঈম পাকিস্তানে থাকাকালীন একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। পরে শিক্ষকতার চাকরি নিয়ে নিউ জিল্যান্ডে চলে যান।
নিজের জীবনের পরোয়া না করে বহু মানুষকে বাঁচানো নাইমের পরিবারের জন্য জাতীয় পুরস্কার ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি টুইটে লেখেন, ‘আমরা নাঈমের পরিবারের পাশে আছি। পাকিস্তান তার জন্য গর্বিত। জাতীয় পুরস্কার দিয়ে তার এই সাহসিকতাকে মূল্যায়ন করা হবে।’
