বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৫৭ আরোহীর পরিবারকে ধ্বংসস্তূপের ব্যাগভর্তি মাটি নেওয়ার প্রস্তাব দিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইনস। গতকাল রবিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আনুষ্ঠানিকভাবে বিতরণের জন্য বিমান বিধ্বস্ত হওয়ার জায়গার মাটি প্রস্তুত করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারকে জানানো হয়েছে, হতভাগ্য যাত্রীদের দেহের অংশবিশেষ শনাক্তে ছয় মাসের মতো সময় লাগতে পারে। কেনিয়ায় যাওয়ার পথে গত রবিবার ইথিওপিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এরপর থেকে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ ও ৯ মডেলের উড়োজাহাজ ব্যবহার বাতিল করে বিশ্বের বিভিন্ন প্রান্তের বেশ কিছু দেশ। গত শনিবার ইথিওপিয়ার পরিবহনমন্ত্রী দাগমাবিত মোগেস এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজতে ‘উল্লেখযোগ্য সময়’ লাগতে পারে। তিনি আরও বলেন, ‘এত বড় তদন্তে বাস্তব কিছু পেতে সতর্ক বিশ্লেষণ ও উল্লেখযোগ্য সময় দরকার।’
