সাংবাদিক ও ভাওয়াইয়া সংগীতশিল্পী শফিউল আলম রাজা মারা গেছেন। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। রাজা রাজধানীর পল্লবী থানার সেতারা টাওয়ারের পেছনে একটি বাসায় ভাড়া থাকতেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। সর্বশেষ গত শনিবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত এশিয়ান টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে ছিলেন এ শিল্পী।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘সুরতহালে মনে হচ্ছে তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন। ওই সময় তার স্ত্রী ও সন্তানদের কেউ বাসায় ছিল না।’ শফিউল আলম রাজার শ্যালিকা শিল্পী জানান, তার বোন (রাজার স্ত্রী) অফিসে আর বাচ্চারা স্কুলে ছিল। রাজা বাসায় ঘুমাচ্ছিলেন। তার দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। রবিবার তিনি আর ঘুম থেকে জাগেননি।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত এই শিল্পী সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডটকমের চিফ রিপোর্টার ছিলেন। এর আগে দৈনিক যুগান্তর ও দৈনিক অর্থনীতি পত্রিকায় কাজ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন তিনি। রাজধানীর মিরপুরে রাজার ‘কলতান’ নামে ভাওয়াইয়া গান শেখানোর একটি স্কুল রয়েছে। এছাড়া ‘ভাওয়াইয়া গানের দল’ নামে শিল্পীসংগঠনের পরিচালক ছিলেন তিনি।
রাজার ভাগ্নে প্রিন্স রোমান জানান, তার মামা এক মেয়ে ও দুই ছেলের বাবা। প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবার বিয়ে করেন। কুড়িগ্রামের চিলমারীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
