স্বাধীনতা দিবসে বিএনপির ৭ দিনের কর্মসূচি

সরকারের অপছন্দের মানুষ হত্যা-গুম হচ্ছে : ফখরুল

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০২:২২ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছে। গত ১০-১২ বছর ধরে আমরা দেখছি যারা সরকারের অপছন্দনীয় মানুষ তাদের গ্রেপ্তার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। প্রয়োজনে তাদের গুম করে ফেলা হচ্ছে।’ গতকাল রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যখন স্বাধীনতা দিবস পালন করতে যাব, তখন হাজার হাজার নিরপরাধ মানুষকে বন্দি করে রাখা হয়েছে। লক্ষাধিক গায়েবি মামলায় ২৬ লাখ মানুষকে আসামি করা হয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা দিবসটি পালন করছি। হাজার হাজার নিরপরাধ মানুষকে মুক্ত করা ও মামলা প্রত্যাহার করার সংগ্রাম চালিয়ে যাব।’

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এক প্রশ্নের  জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এরমধ্যে বলেছি এই গ্যাসের মূল্যবৃদ্ধি করা অযৌক্তিক। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। আবারও বলছি এসব কিছু উপেক্ষা করে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হলে বিএনপি সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করবে।’

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘শুধু মার্কিন রিপোর্ট নয়; বিবিসি, আলজাজিরা, গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের বড় পত্রিকাগুলো বলেছে, বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। ভারতের বিভিন্ন পত্রিকায় বিষয়টি লেখা হয়েছে। সুতরাং বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মিডিয়াগুলোকে সরকার চরমভাবে নিয়ন্ত্রণ করছে বলে তারা অনেক কিছু প্রকাশ করতে পারছে না। এত প্রতিকূলতার পরও তারা অনেকেই অনেক কিছু প্রকাশ করছে। এজন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা।’

 

স্বাধীনতা দিবসে বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ মার্চ বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন অথবা মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান; ২৬ মার্চ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিসৌধ থেকে ফিরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ এবং ওলামা দলের উদ্যোগে দোয়া ও ফাতেহা পাঠ, ভোরে নয়াপল্টনের কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; ২৭ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির উদ্যোগে র‌্যালি। এ ছাড়া সারা দেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জেলা, উপজেলা, পৌর শাখা সুবিধা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করবে।

মির্জা ফখরুল জানান, দিবসটি উপলক্ষে বিএনপি ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, অভিনেতা হেলাল খান, মোরতাজুল করিম বাদরু, সাইফুল ইসলাম ফিরোজ, মুনির হোসেন, রোকেয়া চৌধুরী বেবী এবং আকরামুল হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত