বাগেরহাটে আরজিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের জনৈক আশিকুর রহমানের মাছের ঘের থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোববার রাতে গৃহবধূ আরজিনা বেগম ঘরের বাইরে শৌচাগারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরজিনা বেগম সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পূর্ব কাড়াপাড়া গ্রামের মোহম্মদ আলী শেখের স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দিন বলেন, রোববার রাতে তার স্ত্রী আরজিনা বেগম ঘরের বাইরে শৌচাগারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন মোহম্মদ আলীর বাড়ি থেকে তিন থেকে চারশ গজ দূরে স্থানীয় জনৈক আশিকুর রহমানের মাছের ঘেরে মরদেহ দেখতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মোহম্মদ আলী তার স্ত্রীর মরদেহটি সনাক্ত করেন। ওই গৃহবধূর ঘাড়ে (ডান বাহু) ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। কি কারণে এই গৃহবধূকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। পুলিশ হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
