মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ নরসিংদীতে

প্রধান আসামি আটক

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৯:৫৬ পিএম

নরসিংদীর মাধবদী হতে শিবপুরের চাঞ্চল্যকর মা ও মেয়েকে গণধর্ষণ মামলার মূল আসামি মোখলেছ মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার ভোরে র‌্যাব-১১-এর সদস্যরা মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া মোখলেছ শিবপুর থানার সৃষ্টিগড় গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল কাজী শামশেরউদ্দিন জানান, গত শুক্রবার নির্যাতনের শিকার মা ও মেয়ে একসঙ্গে ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে করে বাড়ি ফেরার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়। এ সময় ঘটনার মূল হোতা মোখলেছ ও তার সহযোগী দেলোয়ার হোসেন (৩০), শফিক (২৫), বাদল (৪২), বাবু (২৫) এবং আলমগীর (৪০) মা-মেয়েকে বাসে তুলে দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে সৃষ্টিগড় এলাকার প্রাইম জুট মিলের মধ্যে পরিত্যক্ত কক্ষে নিয়ে ধর্ষণ করে। মা-মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে মোখলেছ ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার ও শফিককে গ্রেপ্তার করে। শুক্রবার রাতেই নির্যাতনের শিকার মা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

র‌্যাব-১১-এর একটি দল মোখলেছ ও পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়। গতকাল ভোর ৫টায় জেলার মাধবদী এলাকা থেকে মোখলেছকে আটক করা হয়। তার নামে শিবপুর থানায় ডাকাতি, অস্ত্রসহ নানা অভিযোগে ছয়টি মামলা রয়েছে। এদিকে ধর্ষণের ঘটনায় গত রবিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল কাদেরের আদালতে জবানবন্দি দিয়েছেন নির্যাতনের শিকার মা-মেয়ে। একই সঙ্গে তারা গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দুজনকে শনাক্তও করেছেন। পুলিশ বলছে, অভিযুক্ত বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত