স্কুলছাত্রী হত্যাচেষ্টা

নড়াইলে আসামিদের গ্রেপ্তারের দাবি

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১০:০২ পিএম

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীসহ তিনজনকে হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিঙ্গিয়া বাজারে মানববন্ধন হয়।

এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্যা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিত কুমার দত্ত, সহকারী প্রধান শিক্ষক রাজকুমার দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিন্নাহ মোল্লা, কোমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন রিন্টু প্রমুখ।

গত ১৫ মার্চ সন্ধ্যায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সদর উপজেলার বাজার শিঙ্গিয়া গ্রামের সাইদ বিশ্বাসের ছেলে রকিবুল ইসলাম মিঠুসহ সাত-আটজন শিঙ্গিয়া গ্রামের বাসিন্দা ও সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় বাধা দিতে গেলে প্রতিবেশী কোমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী (৮) ও তাদের দাদিকেও (৫০) কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহতদের ঢাকায় চিকিৎসা চলছে।ঘটনায় মামলা হলেও মূল আসামি মিঠুকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত