সাইক্লোন ইদাই: মোজাম্বিকে নিহত ১ হাজার

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১১:০১ পিএম

প্রবল গতিতে আঘাত হানা সুপার সাইক্লোন ইদাইয়ে মোজাম্বিকে অন্তত ১ হাজার জন নিহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। সাইক্লোন ইদাইয়ের তাণ্ডবে রাস্তায় উপড়ে পড়েছে গাছ, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়। যোগাযোগহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। খবর বিবিসি।

জিম্বাবুয়ে, মোজাম্বিক ও মালাইয়ের ওপর দিয়ে বয়ে যায় এ ভয়ংকর সাইক্লোন। মোজাম্বিক প্রেসিডেন্ট ফিলিপে নয়ুসি মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে জানিয়ে বলেন, এটি ছিল বিধ্বংসী।

তিনি বিভিন্ন দুর্গত এলাকা সফর শেষে বলন, আমি বন্যার পানিতে মানুষের লাশ ভাসতে দেখেছি। বৃহস্পতিবার এ ঝড় আঘাত হানলেও অনেক এলাকায় রোববার পর্যন্ত উদ্ধারকর্মীরা যেতে পারেনি। 

মোজাম্বিকের বেইরা শহরে বৃহস্পতিবার থেকে শুরু হয় ঝড়ের দাপট। এরপর সেটি গতিপথ পাল্টে জিম্বাবুয়ে ও মালাইয়ে প্রবেশ করে। সাইক্লোনের দাপটে বাড়ি, স্কুল, হাসপাতাল, পুলিশ স্টেশন তছনছ হয়ে গেছে। ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে সাইক্লোনে কমপক্ষে ১৫ লক্ষাধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন দেশের সরকারি উদ্ধারকারীদের সহযোগিতা করছে জাতিসংঘের সংস্থা ও রেডক্রস। তারা হেলিকপ্টারে খাদ্য এবং ওষুধ সরবরাহ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত