আফ্রিকার দুই দেশে ঘূর্ণিঝড়ে নিহত ১৬০

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১১:৩০ পিএম

মোজাম্বিক এবং পার্শ্ববর্তী দেশ জিম্বাবুয়েতে ঘূর্ণিঝড়ে ১৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত রবিবারের ঘূর্ণিঝড়ে মোজাম্বিকের মধ্যাঞ্চল এবং জিম্বাবুয়ের পূর্বাঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মোজাম্বিকের পরিবেশমন্ত্রী কেলসো কর্রিয়া সাংবাদিকদের বেরিয়া এবং দনদো জেলায় মৃতের সংখ্যা বাড়ার বার্তা জানিয়ে বলেন, ‘নিশ্চিতভাবেই ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা আরও বাড়বে। আমার মনে হয়, মোজাম্বিকের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন মানুষের জীবন বাঁচানোই আমাদের মূল লক্ষ্য।’

ঘূর্ণিঝড়টি প্রথম গত বৃহস্পতিবার রাতে মোজাম্বিকে আঘাত হানে। এরপর জিম্বাবুয়েতে ক্রমশ দুর্বল অবস্থায় পৌঁছায় ঝড়টি। জিম্বাবুয়ের পূর্বাঞ্চলীয় চিমানিমানি জেলার অবস্থায় সবচেয়ে বাজে। ওই অঞ্চলের বাড়িঘর থেকে শুরু করে সেতু পর্যন্ত ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে। উপদ্রুত অঞ্চলগুলোতে এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। সেনাবাহিনীর উদ্ধারকারী দল বৈরী আবহাওয়ার মধ্যেও ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছে।

চিমানিমানির আইনপ্রণেতা জসুয়া সাক্কো বলেন, ‘যত দূর জানতে পেরেছি, ঝড়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এখনো ১৫০ থেকে ২০০ জন নিখোঁজ রয়েছে। যাদের পাওয়া যায়নি তাদের নিয়ে আমরা উদ্বিগ্ন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত