শাহজাদপুরে আদালত অবমাননা

ইউপি চেয়ারম্যানকে ৩০ মিনিটের সাজা

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১১:৩৩ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হককে ৩০ মিনিট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার সাজা দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে শাহজাদপুর জ্যেষ্ঠ সহকারী জজ (পারিবারিক) আদালতের বিচারক কিশোর দত্ত এ সাজা দেন।

আদালতের পেশকার প্রদ্যুত ধর জানান, ২০১৭ সালে ইউনিয়নের চর নরিনা গ্রামের লাবণী খাতুন (২৫) বাদী হয়ে স্বামী নূরুল ইসলাম শিপনের বিরুদ্ধে আদালতে দুটি মামলা করেন। মামলা চলাকালে ফজলুল হক গ্রাম্য সালিশের মাধ্যমে আপস মীমাংসার নামে লাবণীর ইচ্ছার বিরুদ্ধে তার সই নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি আপস করেন। ওই টাকা তাকে বুঝিয়ে না দিয়ে ফজলুল হক নিজের কাছে রেখে দেন এবং তাকে মামলা তুলে নেওয়ার পর তার (চেয়ারম্যান) কাছ থেকে টাকা নিয়ে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে লাবণী চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে লিখিত আবেদন করেন।

শাহজাদপুর জ্যেষ্ঠ সহকারী জজ (পারিবারিক) আদালতের বিচারক কিশোর দত্ত লিখিত আবেদনটি আমলে নিয়ে ফজলুল হককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। গতকাল দুপুরে ফজলুল হক আদালতে হাজির হয়ে এর জবাব দিলে বিচারক আদালত অবমাননার দায়ে তাকে ৩০ মিনিট কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার সাজা দেন। এ সাজাভোগ শেষে চেয়ারম্যান তার আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আদালত তাকে ক্ষমা করে মুক্তি দেন। বাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত