চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১১:৩৫ পিএম

‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচির’ মেয়াদ বৃদ্ধিসহ চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ন্যাশনাল সার্ভিসের কর্মীরা। দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা। গতকাল সোমবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে বানারীপাড়া, উজিরপুর ও স্বরূপকাঠী উপজেলা থেকে আসা ন্যাশনাল সার্ভিসের কয়েকশ নারী-পুরুষ কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তারা।

‘ন্যাশনাল সার্ভিস প্রকল্প কর্মকর্তা-কর্মচারী সমিতি’র সভাপতি আলমগীর হোসেন মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সেতু বেগম, মাওলানা মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ও প্রচার সম্পাদক মো. মামুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত