সংসদে না এলে বিএনপি হবে মুসলিম লীগ : নাসিম

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০৩:৩৩ এএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বর্জনের রাজনীতি থেকে সরে আসেন। নয়তো একদিন দেখবেন মুসলিম লীগের মতো আপনাদের অবস্থা হয়ে যাবে। ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে যাবেন বাংলাদেশ থেকে।’ গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘এখনো সময় আছে বর্জনের রাজনীতি থেকে ফিরে আসেন। সংসদে যোগদান করে আটজন হলেও কথা বলেন। গলায় শক্তি থাকলে আটজনই ৮০ জনের মতো কথা বলতে পারবেন। বিরোধী দলবিহীন বাংলাদেশ আমরা চাই না। আপনারা আসেন, শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করেন।’

১৪ দলের মুখপাত্র নাসিম আরও বলেন, ‘একদলীয় গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আজকে ১৪ দলের নেতারা মঞ্চে বসে আছেন। তারা এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তারা অসাম্প্রদায়িক ও বঙ্গবন্ধুর বাংলাদেশে বিশ্বাস করেন বলেই শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। চাওয়া-পাওয়ার হিসাব তারা করেন না।’

বিএনপি আমলের কথা স্মরণ করে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘তখন বঙ্গবন্ধুর জন্মদিন তো দূরের কথা ১৫ আগস্টের শোক দিবসও পালন করতে দেওয়া হতো না। এখন থেকে বারবার রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মদিবস ও মৃত্যুদিবস পালন হবে। আর কোনো দিন কেউ বন্ধ করতে পারবে না।’

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘১৫ আগস্ট শোকের দিনে ভুয়া কেক কেটে ভুয়া জন্মদিন পালন করতেন। ক্যান্টনমেন্টের বাড়িতে উল্লাস করতেন। এজন্যই আজকে আপনার এই পরিণতি হয়েছে। এই পরিণতির জন্য আপনি নিজেই দায়ী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত