রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কালুখালী উপজেলাধীন পাইকারা মোড় এলাকা থেকে প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী সিবি ডিলাক্স পরিবহনে তল্লাশি চালিয়ে যাত্রীবেশী এক যুবকের কাছ থেকে ৪৮৪.৫০ গ্রাম (৪১ ভরি) ওজনের স্বর্ণ উদ্ধার করে।
এ সময় আব্দুল করিম (৩২) নামে যাত্রীবেশী এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই যুবকের পিতার নাম সিদ্দিকুর রহমান। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বালিয়াকুড়ি এলাকায়।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার যুবক চোরাইপথে আনা স্বর্ণ নিয়ে ভারতের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা এলাকা থেকে ঢাকায় যাচ্ছিল। সে দীর্ঘদিন এই রুটে চোরাইপথে আসা স্বর্ণ পরিবহনের কাজ করছিল বলে জানা গেছে।
এদিকে স্বর্ণ উদ্ধারের খবর পেয়ে ফরিদপুর থেকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, স্বর্ণ চোরাকারবারিদের সঙ্গে জড়িতদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
রাজবাড়ী জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি জয়দেব কর্মকার জানান, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
