গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব ও ডিজিএফআইর সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে গাজীপুরে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। তারা হচ্ছে ডিবি পরিচয়দানকারী ইয়াসিন রানা (২৬), র্যাব পরিচয় দেওয়া মো. দীপু (২১), র্যাবের গাড়িচালক পরিচয়ধারী আলমগীর (২৫) ও ডিজিএফআই পরিচয়দানকারী গোলাম মোস্তফা (৫৮)। তাদের বাড়ি ঢাকা, নওগাঁ ও ময়মনসিংহ জেলায়।
গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার আশরাফ সেতু এলাকায় নিজের প্রাইভেট কার চালিয়ে যাচ্ছিলেন মাওলানা মুফতি মিজানুর রহমান মিজানী (৫০)। এ সময় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অভিযুক্তরা তাকে অপহরণ করে গাড়ি চালিয়ে নিয়ে যায়। পরে মিজানুরকে ঢাকার লালবাগ থানা এলাকায় আটকে রেখে পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবি করে। পরিবারের অভিযোগ পেয়ে গোয়েন্দা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে প্রথমে র্যাবের গাড়িচালক পরিচয়দানকারী আলমগীরকে টঙ্গী থেকে আটক করে। তার স্বীকারোক্তিতে গাজীপুর ও ঢাকার লালবাগ থেকে অপর তিনজনকে আটক এবং অপহৃতকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন মিজানুর রহমান।
