প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে মানহানির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে জামিন দিয়েছে আদালত। আবেদনের শুনানি করে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী ২ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
কিরণের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন লিয়াকত হোসেন। বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার রেফায়েতুল করিম লেলিন এর বিরোধিতা করেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গত ১২ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালতে মানহানির মামলা করেন শেখ জামাল ধানম-ি ক্লাব ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স। ১৬ মার্চ দুপুরে ধানম-ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন আদালতে হাজির করা হলে বিচারক জামিন নাকচ করে কিরণকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৪ মার্চ বাফুফে দপ্তরে এক সংবাদ সম্মেলনে মাহফুজার বক্তব্যের সূত্র ধরে মানহানির মামলাটি করেন আবু হাসান চৌধুরী প্রিন্স। কিরণ গ্রেপ্তার হওয়ার পর ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি আসে।
