আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘এ দেশে বিএনপির আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই। অস্তিত্ব বিলীনের পথে হাঁটছে বিএনপি। মুসলিম লীগের চেয়ে দলটির পরিণতি হবে করুণ।’
গতকাল মঙ্গলবার রাজধানীর মহিলা সমিতির আইভী রহমান মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘চাপে পড়ে বিএনপি নেতারা পদত্যাগ করছেন’ এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের হানিফ বলেন, ‘বিএনপি জনগণের দল নয়, সন্ত্রাস-দুর্নীতিবাজদের দল। এরা তাদের পাকিস্তানের প্রভুকে খুশি করতে রাজনীতি করে। বিএনপির নেতারা এটা উপলব্ধি করেই দল ত্যাগ করছেন। আওয়ামী লীগ চাপ সৃষ্টি করে কাউকে রাজনীতি থেকে বিরত রাখায় বিশ্বাসী নয়।’
নির্বাচন নিয়ে কথা বলার আগে বিএনপির লজ্জা থাকা উচিত মন্তব্য করে হানিফ বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। জিয়া বন্দুকের নলে ক্ষমতায় এসে হ্যাঁ-না ভোট করেছেন। বিএনপির মাগুরার নির্বাচন দেশের জনগণ এখনো ভোলেনি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার চক্রান্ত তখন থেকে শুরু করেছে দলটি।’
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম প্রমুখ।
