চট্টগ্রামে পাহাড়তলী থানাধীন এলাকায় আগুনে পুড়েছে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুত ও বিক্রয় প্রতিষ্ঠানের গুদাম।
বুধবার ভোর পৌনে ৬টার দিকে নগরীর এ কে খান এলাকায় অ্যারোমা কোম্পানির ভাড়া দেওয়া গুদামে আগুন লাগে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বায়েজিদ, কুমিরা, বন্দর স্টেশনের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এই গুদামটি অ্যারোমা প্রসাধনী বাংলাদেশ চা বোর্ড থেকে লিজ নেয়। এরপর অ্যারোমা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর তারা ইলেকট্রনিক্স কোম্পানি সিঙ্গারকে ভাড়া দেয়।
তিনি আরও জানান, এটি সিঙ্গার কোম্পানি চট্টগ্রামের কেন্দ্রীয় গুদাম। আগুনে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও সোলার প্যানেলসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
