গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সুমী খাতুন নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শাহানা খাতুন নামের আরও এক ছাত্রী। বুধবার সকালে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের সোনারায় ইউনিয়নের শাখামারা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
সুমি রামভদ্র গ্রামের আব্দুল গণি খানের মেয়ে ও শাহানা একই গ্রামের শাহ আলমের মেয়ে। দুজনের ছাইতানতলা বাজারের করুণাময়ী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আব্দুস সোবহান বলেন, সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সুমি ও শাহানা ছাইতানতলা বাজারে জ্যোতি কোচিং সেন্টারে যাচ্ছিল। সুমি সাইকেল চালাচ্ছিল ও পেছনে বসেছিল শাহানা। দুজনেই শাখামারা ব্রিজের কাছে পৌঁছালে ট্রাকটি তাদেরকে পেছন থেকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুমি মারা যান।
ওসি জানান, শাহানাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।
