সিরাজগঞ্জে দুটি বাসের সংঘর্ষ, নিহত ৩ আহত ১৫

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৯:৩৭ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ওপর বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হানিফ পরিবহনের দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ ও বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বাসটি সায়েদাবাদ এলাকায় পৌঁছালে ওই একই কোম্পানির (হানিফ পরিবহন)  ঢাকাগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলে  দুই যাত্রী নিহত হয় ও অন্তত ১৫ যাত্রী আহত হয়। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত