হবিগঞ্জের লাখাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিআর গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের নিজাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের আব্দুল মুকিতের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই দিন সকালে হঠাৎ করেই তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ডাক দেয়। এক পর্যায়ে তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৫০ জনের বেশি আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪৬ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে আহত আজমান তালুকদার (২০) ও বুলু মিয়াকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কাওছার (২২), সাইফুল ইসলাম (২৫), জয়নাল মিয়া (৩০), সজিব (১২), জোবায়ের (২৫), মনা মিয়া (৩০), নিজাম (৩৫), জিলানী (৩৫) ও বাদশা মিয়াকে (৪০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
