শাহরিয়ার কবিরের অবস্থা স্থিতিশীল শনিবার অস্ত্রোপচার

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০২:৩৩ এএম

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আগামী শনিবার তার কিডনিতে অপারেশন করা হবে বলে গতকাল বুধবার দেশ রূপান্তরকে জানিয়েছেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। 

এর আগে গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় শাহরিয়ার কবিরকে। পরদিন শনিবার তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। অধ্যাপক মামুন আল মাহতাবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

কাজী মুকুল দেশ রূপান্তরকে বলেন, ‘শাহরিয়ার কবির কিডনি ও হার্টের নানা জটিলতায় ভুগছেন। মেডিকেল বোর্ড গঠনের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সে অনুযায়ী আগামী শনিবার তার কিডনিতে অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।’

মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবির একাধারে খ্যাতনামা লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা। তিনি শিশুদের জন্য লিখছেন কয়েক দশক ধরে। ১৯৯২ সাল থেকে তিনি নিরলসভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষ-শক্তির বিরুদ্ধে জনমত গঠনসহ নানাবিধ কাজ করে চলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত