নোয়াখালী আ.লীগ থেকে বহিষ্কার ৪

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১২:০৫ এএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় নোয়াখালীতে পৌর মেয়রসহ চার আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। দল থেকে তাদের প্রাথমিক সদস্য পদ বাতিল করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশও পাঠানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন টুকন জানান, দলীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জেলা আওয়ামী লীগের সদস্য আলাবক্স তাহের টিটু কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী কামরুন নাহার শিউলীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং বেগমগঞ্জ উপজেলায় দলীয় প্রার্থী ওমর ফারুক বাদশার বিরুদ্ধে মোহাম্মদ উল্যা বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাদের দুজনের সদস্য পদ বাতিল করা হয়েছে। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী টিটুর পক্ষ নেওয়ায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আলাবক্স টিটু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিউলীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্যা আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক বাদশার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কবিরহাটে বহিষ্কৃত নুরুল আমিন রুমি নৌকার প্রার্থী শিউলী একরামের দেবর ও জহিরুল হক রায়হান তার ভাগনে। তারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে যাওয়ায় তাদেরকেও বহিষ্কার করা হয়। এদিকে বহিষ্কৃত নেতা নুরুল আমিন জানান, দলীয় শৃঙ্খলা অনুযায়ী আগে শোকজ করতে হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফা বহিষ্কার গঠনতন্ত্র বিরোধী। তিনি বলেন, আওয়ামী লীগকে কারও বৈঠকখানা লীগ বানাতে দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত