বগুড়ার কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসিবুল হাসান সুরুজ। তিনি কাহালু পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজের ছেলে। মেয়র বাবার ছেলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
এদিকে মেয়র কবিরাজ পরিবারের সমর্থকরা উৎফুল্ল হলেও দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, ক্ষমতাকে কুক্ষিগত করতেই দলীয় প্রার্থীকে হারিয়ে পৌর মেয়র তার ছেলেকে বিজয়ী করতে অনুঘটকের কাজ করছেন।
কাহালু উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। আর মেয়রের ছেলে জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাসিবুল বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ছেলে নির্বাচনে অংশ নেওয়ায় নৌকার পক্ষে প্রচারে ছিলেন না দলের সভাপতি। বরং তিনি ছেলেকে বিজয়ী করতে কাজ করেন।
আবদুল মান্নানের অভিযোগ, দীর্ঘদিন ধরে কবিরাজ পরিবার কাহালু উপজেলার রাজনীতি ও ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন। এরই ধারাবাহিকতায় উপজেলা সভাপতি নৌকার বিরুদ্ধে নিজের ছেলেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে দেন।
তবে হেলাল উদ্দিন কবিরাজ দাবি করেন, নির্বাচনকে উৎসবমুখর করতেই ছেলের প্রার্থী হওয়াকে তিনি সমর্থন করেছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান হাসিবুল হাসান বলেন, ‘বাবা মেয়র আর আমি চেয়ারম্যান, বিষয়টি এভাবে না দেখে বরং আমরা রাজনৈতিক পরিবারের মানুষÑ এটাই বিবেচনা করা উচিত।’
