নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে পাবনার সাঁথিয়ায় নির্মিত হয়েছে ‘স্বাধীনতার সোপান’ মুক্তমঞ্চ। সাঁথিয়া উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে সংস্কৃতিচর্চায় উন্মুক্ত মঞ্চের পাশাপাশি প্রতীকী উপস্থাপনে তুলে ধরা হয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধীনতা অর্জনের মহান মুক্তিযুদ্ধের প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপ। নতুন প্রজন্ম এই মুক্তমঞ্চ থেকে অল্প সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে সম্পর্কে ধারণা পাবে বলে অভিমত উদ্যোক্তাদের। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে স্বাধীনতার সোপান মুক্তমঞ্চের।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও গবেষক ড. আব্দুল আলীম বলেন, ‘সাঁথিয়া এমন একটি জনপদ, যেখানে একসময় মুক্তিযুদ্ধ শব্দটিও উচ্চারণ দুরূহ ছিল। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে স্বাধীনতার সোপান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
