অনুষ্ঠানে বি. চৌধুরী

বিরোধী দল ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ হয় না

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০২:৩৬ এএম

বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) বলেছেন, ‘পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশে বিরোধী দল রয়েছে। বিরোধী দল ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ হয় না। সেজন্য পরিপূর্ণ গণতন্ত্রের জন্য বিরোধী দল দরকার।’ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শরিয়াহ আন্দোলনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

সরকারের উদ্দেশে বি চৌধুরী বলেন, ‘বিরোধী দলকে রাজনীতি করার সুযোগ দিন। তা না হলে দেশে গণতন্ত্র থাকবে না।’ দেশের মানুষের ভোটদানের অধিকার অব্যাহত আছে কি নাÑ সরকারের প্রতি এ প্রশ্ন রেখে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে আমরা দেখেছি সব দলের অংশগ্রহণ ছিল। তবে এর ফলাফল নিয়ে নানা প্রশ্ন ছিল, কিন্তু উপজেলা নির্বাচন কি অংশগ্রহণমূলক হয়েছে? সব দল কি সেখানে আছে? এ প্রশ্ন সরকারের আত্ম-জিজ্ঞাসার প্রশ্ন। বি চৌধুরী বলেন, ‘উপজেলা নির্বাচনে প্রতিযোগিতা ছিল কিন্তু তা এক দলের মধ্যে, তাহলে এটা কি একদলীয় নির্বাচন হয়ে গেল না?’ শরিয়াহ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও আমির হাফেজ মাওলানা মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএলডিপির চেয়ারম্যান নাজিমউদ্দিন আল আজাদ, বিকল্পধারার প্রেসিডিয়াম মেম্বার গোলাম সারোয়ার মিলন, শরিয়াহ আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী মাসউদুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত