সড়কের দায়িত্বরতদের প্রতি হানিফ

প্রধানমন্ত্রীর নির্দেশনা কেন বাস্তবায়ন হলো না

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৩:৩৫ এএম

নিরাপদ সড়কের জন্য গত বছর আগস্টে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও শিক্ষার্থীদের দাবিগুলোর বাস্তবায়ন না হওয়ার কারণ জানতে চেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘বিভিন্ন অজুহাতে দায়িত্বরত কর্মকর্তারা নিরাপদ সড়কের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। আর এর দায় এখন আমাদের ওপর। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কারও ব্যর্থতার দায় আমরা নিতে চাই না।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তাঁতী লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘আমরা চাই রাস্তা নিরাপদ হোক। আমরা সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে একমত পোষণ করে বলছি, আমরা সকলেই নিরাপদ সড়ক চাই। এ সড়কে আমি, আমার ভাই, আমার পরিবার, সমাজের সকলেই যাতায়াত করি। সকলের স্বার্থে নিরাপদ সড়ক চাই।’

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উদ্দেশে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই। এর আগে ছাত্ররা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছিল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের সকল দাবি মেনে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সেইসব দাবি বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ওই নির্দেশনাগুলো কার্যকর করার জন্য ব্যবস্থা নেবেন তারা যারা সড়কের দায়িত্বে আছেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সেই নির্দেশনাগুলো কেন বাস্তবায়ন হয়নি, আমরা সেটা জানতে চাই। মন্ত্রণালয়ের ব্যর্থতার দায়ভার দেশবাসী নিতে পারে না। সড়কের দায়িত্বে যে কর্মকর্তারা আছেন, তাদের আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে আইন আছে সেটা ব্যবহার করে নিরাপদ সড়ক নিশ্চিত করেন। এ বিষয়ে আমরা কোনো অজুহাত দেখতে চাই না।’

তিনি বলেন, ‘আপনারা বিভিন্ন অজুহাতে ব্যর্থ হবেন আর সেই ব্যর্থতার দায়ভার আমাদের কাঁধে নিতে হবে এই দায়ভার আমরা নিতে চাই না। আমরা স্পষ্ট দাবি করছি, বাংলাদেশের সকল সড়ক নিরাপদ হোক, আর সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ একত্রিত হয়ে কার্যকর পদক্ষেপ নেবে।’

ডাকসু নির্বাচন নিয়ে হানিফ বলেন, ‘ছাত্ররা আন্দোলন করল, ডাকসু নির্বাচন হলো। ফলাফলও আমরা দেখেছি। কেউ যদি সেখানে কিছু করতে যায় বলবে (নাম প্রকাশ না করে) ওর সাথে আমার সম্মতি আছে। আমাদের সবাই এমন হয়ে গেছি, কেউ কাজ করতে চায় না। কেউ কাজ করলে তার ফলটা কীভাবে ভোগ করা যায় সবাই সেই চেষ্টায় আছেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন মন্তব্য করে হানিফ বলেন, ‘বিএনপির নিজের কিছু করার ক্ষমতা নেই, অন্যের কাঁধে ভর দিয়ে সরকার পতনের আন্দোলন করতে চায়। নিরাপদ সড়কের আন্দোলনের ওপর ভর করে সরকার পতনে রাস্তায় নেমেছিল। বিএনপি নেতাদের বলি, লন্ডনে বসে ইস্যু খুঁজে লাভ নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত