মায়ের বন্ধুকে খুন করে পলাতক ছেলে

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৬:৩৯ পিএম

সাভারে পৌর এলাকার তালবাগ মহল্লায় মায়ের বন্ধুকে খুন করে মাসুম (২০) নামে এক যুবক পলাতক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এঘটনায় ঘাতক যুবকের মা মোর্শেদা বেগম হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে থানায় আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তালবাগ মহল্লার সাইদুর রহমানের ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত ব্যবসায়ীর নাম শফিকুল বারী চৌধুরী বকুল (৫০)। সে টাঙ্গাইলের নাগরপুর থানার আন্দিবাড়ী গ্রামের আব্দুল বারীর ছেলে। সে ঘাতক যুবক মাসুমের মা মোর্শেদা বেগমের বন্ধু বলে স্থানীয়রা জানান।

আত্মসমর্পণকারী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে নিহত বকুল বৃহস্পতিবার রাতে মোর্শেদা বেগমের বাসায় যান। এ সময় ওই নারী বকুলকে নিজের ঘরে রেখে রান্না ঘরে গেলে হঠাৎ তার ছেলে মাসুম ঘরের দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

সাভার মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) তাহমুদ হাসান জানান, হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে রাতেই ওই নারীর বাসা থেকে রক্তাক্ত অবস্থায় নিহত ব্যবসায়ীর মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, মোর্শেদার স্বামী রাশেদ মিয়ার সাথে বিবাহ বিচ্ছেদের পর ব্যবসায়ী বকুলের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। তাই মাঝে মধ্যেই বকুলকে ওই বাড়িতে আসতে দেখা যেতো।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বকুলকে নিজেদের ঘরে মায়ের সঙ্গে দেখতে পেয়ে মোর্শেদার ছেলে মাসুম ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মাসুমের মা মোর্শেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করে অভিযুক্ত মাসুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাসুমকে আটকের পরই জিজ্ঞাসাবাদেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা এএফএম সায়েদ ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত