৪৭ ঘণ্টা পর ৬০ ফুট গভীর কূপ থেকে জীবিত অবস্থায় তুলে আনা সম্ভব হয়েছে ভারতের হরিয়ানাম রাজ্যের হিসারের এক শিশুকে।
৬০ ফুট গভীর কূপের পাশে ৭০ ফুটের আরেকটি চওড়া কূপ খুঁড়ে দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত এনডিআরএফ ও ভারতীয় সেনার যৌথ উদ্ধারকারী দল শিশুটিকে তুলে আনে।
জানা গেছে, বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে বুধবার ৬০ ফুট গভীর কূপে পড়ে যায় ১৮ মাসের শিশুটি।
স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে খেলার সময়ে হঠাৎই গর্তে পড়ে যায় শিশুটি। দিনমজুর বাবা-মায়ের ১৮ মাসের ওই সন্তান গর্তে পড়ে যাওয়ায়, স্থানীয় লোকজন দ্রুত পুলিশে খবর দেন।
পরে এনডিআরএফ ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল অভিযানে আনে। আধুনিক সুড়ঙ্গ কাটার যন্ত্র দিয়ে তারা উদ্ধার শুরু করেন।
শিশুর শ্বাস নিতে যেন সমস্যা না হয়, সেজন্য গর্ত দিয়ে পাইপ নামিয়ে অক্সিজেন সরবরাহ করা হয়। পাঠানো হয় বিস্কুট ও ফলের রসও।
জেলা প্রশাসক অশোক কুমার মিনা জানান, শিশুটিকে গর্ত থেকে তোলার জন্য দিনরাত কাজ করেছে উদ্ধারকারী দল।
তিনি জানান, যারা ওই স্থানে কূপটি খুঁড়েছিল তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।
সূত্র: এই সময়
