অন্যান্য জোনের সঙ্গে পাল্লা দিয়ে গেমিং রিংয়ে এবার নিজের হ্যাট খুলতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল। গুগলের নতুন গেম স্ট্রিমিং প্ল্যাটফরমটির নাম ‘স্টাডিয়া’। অন্যদের থেকে ব্যতিক্রম উপায়ে খেলা যাবে ‘স্টাডিয়া’। এ ক্ষেত্রে কোনো ডিভাইসে গেম ডাউনলোড করার প্রয়োজন নেই। গুগল ক্রোম ব্যবহার করে কিংবা ইউটিউবেই খেলা যাবে স্টাডিয়া। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গেম ডেভেলপারদের একটি সম্মেলনে এ ঘোষণাটি দিয়েছে গুগল। তবে, ঠিক কবে থেকে এই পরিষেবাটি পাওয়া যাবে, সে সম্পর্কে আগাম কোনো বার্তা দেয়নি প্রতিষ্ঠানটি।
গুগলের বর্ণনায় স্টাডিয়া হলো এমন একটি ভিডিও গেমের প্ল্যাটফরম, যা যেকোনো স্ক্রিনেই খেলা সম্ভব, তা হোক টেলিভিশন, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল কিংবা ট্যাবলেট।
জানা গেছে, গুগলের নতুন গেম জোনে ফোরকে, এইচডিআর এবং সারাউন্ড সাউন্ড সিস্টেমের সম্মিলন ঘটানো হবে। স্টাডিয়া নিয়ে গুগলের উচ্চাকাক্সক্ষা দেখেই বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্লাউড প্রযুক্তি এবং ডেটা সেন্টারের আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে বিপুল আয়ের সম্ভাবনা দেখছে। যদিও এই প্রযুক্তিতে গেমের দুনিয়ায় আগে থেকেই শক্ত অবস্থানে থাকা অ্যামাজন ও মাইক্রোসফটের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় নামতে হবে গুগলকে।
গেম ডেভেলপারদের সম্মেলনে প্রায় ২৫ হাজার প্রযুক্তিবিদের সামনে গুগলের ভাইস প্রেসিডেন্ট ফিল হ্যারিসন স্টাডিয়া সম্পর্কে বলেন, ‘গেমের জন্য অপেক্ষা করে বসে থাকার দিন শেষ।’
স্ট্রিমিং সার্ভিস চালু হলে ইউটিউবে অন্যান্য ভিডিও দেখার মতোই গেম খেলা যাবে। পাশাপাশি যারা গেম বিপণন করে, তারা এখন গুগলের ক্লাউড প্রযুক্তি ও ডেটা স্টোরেজ সার্ভিস ব্যবহার করতে পারবেন। গেম বিক্রির চেয়ে এ খাত থেকেই বেশি আয় করতে পারবে গুগল। ডেভেলপার সম্মেলনে উপস্থিত ছিলেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
