শ্রীপুরে আওয়ামী লীগের মাথাব্যথা ‘বিদ্রোহী’

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১০:৩১ পিএম

আগামীকাল রবিবার তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে মাগুরার শ্রীপুর উপজেলা। নির্বাচনী প্রচার, জনসংযোগ, মিছিল-মিটিংয়ে ব্যস্ত প্রার্থীরা। তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মাথাব্যথা বিদ্রোহী প্রার্থী। বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগেরই নেতাকর্মীরা।

শ্রীপুরে তিন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা পঙ্কজ কুমার সাহা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন এবং স্বতন্ত্র এম ডি খায়রুল ইসলাম কাপ পিরিচ প্রতীক নিয়ে লড়ছেন।

তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পঙ্কজ কুমার সাহা ও বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিনের মধ্যে। ফলে এখানের আওয়ামী লীগ এখন দুটি ভাগে বিভক্ত। নির্বাচনে আট ইউনিয়নের মধ্যে সাতজন চেয়ারম্যান সরাসরি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল কালাম এর সঙ্গে কথা বললে তিনি বলেন, নৌকা প্রতীকের প্রার্থী দলীয় নেতাকর্মীদের কথা অমান্য করে নিজে প্রতীক নিয়ে এসেছেন। 

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান বলেন, রাখঢাকের কিছু নেই। নির্বাচনে এ উপজেলার সাতজন চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থীর আনারস প্রতীকের পক্ষে কাজ করছে।

নির্বাচনে জয়ের মতামত জানতে চাইলে আওয়ামী লীগ প্রার্থী পঙ্কজ কুমার সাহা বলেন, ‘আমার বিশ্বাস আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক নেতাকর্মী কখনো নৌকা প্রতীকের সঙ্গে বেইমানি করবে না।’ বিদ্রোহী প্রার্থী মিয়া মাহমুদুল গণি শাহিন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগে আমি চেয়ারম্যান ছিলাম। সে সময় থেকে আমার মানুষের সঙ্গে আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত