এবার ব্যবহারকারীদের কাঠগড়ায় স্যামসাং গ্যালাক্সি এস-১০। অভিযোগ উঠেছে সফটওয়্যারজনিত ত্রুটির কারণে ডিভাইসের ব্যাটারি স্বাভাবিকের চেয়ে বেশি খরচ হচ্ছে। ফোনটির ‘ট্যাপ টু ওয়েক’ ফিচারে এই ত্রুটি রয়েছে বলে জানা গেছে। ফিচারটির মাধ্যমে পর্দায় দুবার স্পর্শ করলেই পর্দা সচল হয়ে যায়। রেডিট এবং স্যামসাং কমিউনিটি ফোরামে বেশ কয়েকজন ব্যবহারকারী এই অভিযোগ করেছেন। ফিচারটি অনেক বেশি সেনসেনটিভ হওয়ায় অনেক সময় ব্যবহারকারীর পকেটেই স্ক্রিনের আলো জ্বলে যাচ্ছে। ফলে ব্যবহার না করেও ফোনটির ব্যাটারি খরচ হচ্ছে। সফটওয়্যার ত্রুটি হলে এটি পরবর্তী আপডেটেই সারানো সম্ভব বলে মনে করা হচ্ছে। কিন্তু ত্রুটির বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি নির্মাতা দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট সংস্থাটি।
×
