রাজধানীর গাউছিয়া মার্কেটে এক দোকানির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে ইয়েলো কালেকশন নামে একটি দোকানে পণ্যের দাম নিয়ে তর্কবিতর্কের জেরে ওই তরুণীকে মারধর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিউমার্কেট থানা পুলিশের কাছে মৌখিক অভিযোগ দিলে দোকানটির তিন কর্মচারীকে আটক করা হয়েছে।
নিউমার্কেট থানার ওসি আতিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘ইয়েলো কালেকশন নামে দোকানে অলঙ্কারের দাম নিয়ে তর্কবিতর্ক শুরু হলে মেয়েটি প্রথমে দোকানিকে চড় মারেন। এরপর দোকানের কর্মচারী তাকে পাল্টা থাপ্পড় মারেন। খবর পেয়ে দোকানে অভিযান চালিয়ে তিন কর্মচারীকে ধরে এনেছি। অভিযুক্ত কর্মচারী পালিয়ে গেছে।’
ওসি আতিকুল আরও বলেন, ‘মৌখিক অভিযোগকারী মেয়েটি এক বছর আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। লিখিত অভিযোগ দিলে ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ গাউছিয়ার ঘটনার পর পাশের হকার্স মার্কেটে গেলেও অভিযুক্তরা তরুণীর পিছু নেন ও অন্য দোকানিরা হেনস্তা করেন বলে অভিযোগ রয়েছে।
