চীন থেকে পণ্যবাহী আরও ছয়টি জাহাজ আনবে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। গতকাল শুক্রবার চীনের বেইজিংয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) ভাইস প্রেসিডেন্ট ক্যাঙ্গ হুবাইওর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ সিএমসি অফিস পরিদর্শন করেন। সেখানেই সিএমসির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে ঢাকার চারপাশের সার্কুলার নৌপথ, সার্কুলার সড়ক, মেরিন একাডেমিতে বিশ্বমানের নাবিক গড়ে তুলতে চীনের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর ইয়াহইয়া সৈয়দ এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম উপস্থিত ছিলেন।
এর আগে সিএমসি থেকে ১ হাজার ৫৩৭ কোটি টাকা ব্যয়ে ছয়টি জাহাজ সংগ্রহের প্রকল্প নেয় সরকার। এর মধ্যে চীন আর্থিক সহায়তা হিসেবে দেয় ১ হাজার কোটি টাকা। ওই প্রকল্পের অধীনে এ পর্যন্ত পাঁচটি জাহাজ বিএসসির বহরে যুক্ত হয়েছে। এগুলো হলোÑ এমভি বাংলার জয়যাত্রা, এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমভি বাংলার অগ্রযাত্রা ও এমভি বাংলার অগ্রদূত।
