মসজিদে মুসলিমদের ওপর সন্ত্রাসী হামলা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসায় ভাসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
সন্ত্রাস মোকাবিলায় ঐক্যের ডাক দেওয়া এ নারীনেত্রীর ছবি ভেসে উঠল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপত্য দুবাইয়ের বুর্জ আল খলিফায়।
গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ব্রেনটন ট্যারেন্ট নামের এক শ্বেতাঙ্গ খ্রিষ্টানের গুলিতে কয়েকজন বাংলাদেশিসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। আহত হন আরও ৪৬ জন যাদের ১২ জনকে আশঙ্কাজনক।
ঘটনার পরপরই দেশটির মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ান আরডার্ন। সেই সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে ঐক্যের ডাক দেন। তার সরকারের দ্রুত প্রচেষ্টায় আক্রান্ত মসজিদ মেরামত করে পুনরায় নামাজের জন্য খুলে দেওয়া হয়। সেখানে প্রীতি সমাবেশে মুসলিম নারীদের সম্মান জানাতে মাথায় স্কার্ফ মাথায় হাজির ছিলেন আরডার্ন।
প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য আরডার্নকে আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ধন্যবাদ জানান।
শুক্রবার এক টুইটার বার্তায় আরডার্নের ছবি দিয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি সহানুভূতি প্রকাশের জন্য প্রশংসা করেন।
এদিন তার সম্মানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ আল খলিফায়ও আরডার্নের ছবিও ভেসে ওঠে। ছবিতে দেখা যায় এক মুসলিম নারীকে জড়িয়ে ধরেছেন কিউই প্রধানমন্ত্রী। ছবিটির ওপরে লেখা-সালাম বা শান্তি।
