চট্টগ্রামের আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে উপজেলার উত্তর বরুমচড়া গ্রামের গাউছিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল মোনাফ (৬০) ওই এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
আনোয়ারা থানার সেকেন্ড অফিসার (এসআই) গোলাম ফারুক জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আবদুল মোনাফের সঙ্গে তার বড়ভাই আবদুল মজিদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে আবদুল মজিদ ও তার ছেলেরা আবদুল মোনাফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে ফিরোজা আক্তার বলেন, “সন্ধ্যা ৭টার দিকে বাবার মোবাইলে ফোন দিয়ে কে যেন বাবাকে বের হতে বলেন। বাবা বের হয়ে রাত ১০টার দিকে দোকান থেকে আসার সময় বাড়ির সামনে বাবার ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনতে পাই। এ সময় আমি ও আমার মা ঘর থেকে বের হয়ে দেখি বাবাকে চাচা আবদুল মজিদ ও চাচাতো ভাইয়েরা কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। বাবাকে বাঁচাতে আমরা এগিয়ে গেলে আমাকে ধরে রেখে মাকেও কোপাতে থাকে।”
“বাবাকে কুপিয়ে তার বাম পা আলাদা করা হয়। পরে বাবাকে হাসপাতালে নিতে চাইলে তাতেও বাধা দেয় তারা। এরপর স্থানীয়রা বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাবা মারা যা ।”
এ সময় তিনি তার বাবার হত্যাকারীদের ফাঁসি চেয়ে বিচারের দাবি জানান।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
