ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পুরান ঢাকায়। শনিবার রাত পৌনে ১০টার দিকে লালবাগের শহীদনগরের ৬নং গলিতে একটি কাগজের কারখানায় লাগা আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এতে এক ব্যক্তি আহত হয়েছেন ও ১৪টি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হালিম জানান, রাত ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি বলেন, সেখানে ৪০-৫০টি দোকান ছিল, এর মধ্যে ১৪টি দোকান পুড়ে গেছে। এ ছাড়া পাশে সিএনজি অটোরিকশা ও রিকশার গ্যারেজ ছিল, সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। তবে কয়টি অটোরিকশা ও রিকশা পুড়েছে সেটি জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান দেশ রূপান্তরকে কাগজের কারখানা ও পাশের ভাঙ্গারির দোকানে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় চুড়ির দোকানের কর্মচারী লিটন মিয়া (৩০) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার ভগ্নিপতি কবির হোসেন জানান, আগুনে লিটনদের দোকানটি পুড়ে গেছে। আগুন লাগার পর তিনি দোকান থেকে বেরিয়ে আসেন। প্রচণ্ড ধোঁয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তার অবস্থা গুরুতর নয়।
সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আগুনের ঘটনায় করপোরেশন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে ৭১ জনের মৃত্যু হয়। শুরুতে ওই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের কথা বলা হলেও পরে তদন্তকারীরা বলেন, গুদামের রাসায়নিক ও দাহ্য পদার্থ থেকে আগুন লাগে।
