বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা পেয়েছেন দশ গুণী নারী। প্রতি বছরের মতো ‘পাক্ষিক অনন্যা’ এ স্বীকৃতি দিয়েছে। গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ‘অনন্যা শীর্ষ দশ সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। অনন্যা সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ইসমত আরা সাদেক।
এবার ছিল সম্মাননা প্রদানের ২৫তম আয়োজন। ২০১৮ সালে সম্মাননাপ্রাপ্তরা হলেন ডা. সায়েরা আক্তার (চিকিৎসা), পারভীন মাহমুদ (ব্যবস্থাপনা ও উন্নয়ন), শামসুন্নাহার (প্রশাসন), আফরোজা খান (উদ্যোক্তা), সোনা রানী রায় (কুটিরশিল্প), লাইলী বেগম (সাংবাদিকতা), নাজমুন নাহার (তারুণ্যের আইকন), সুইটি দাস চৌধুরী (নৃত্যশিল্পী), রুমানা আহমেদ (খেলাধুলা), ফাতেমা খাতুন (প্রযুক্তি)।
সম্মাননাপ্রাপ্তির অনুভূতি জানিয়ে জাতীয় দলের ক্রিকেটার রোমানা আহমেদ বলেন, ‘এই সম্মানপ্রাপ্তি আমাকে অনুপ্রাণিত করছে। আমরা ছেলেদের আগেই বাংলাদেশের মানুষকে বিশ্বকাপ উপহার দেব। এমন স্বপ্ন এখন বেশি দূরে নয়।’ তিনি আরও বলেন, ‘মেয়েদেরকে অনেক কষ্ট করেই নিজের জায়গা তৈরি করে নিতে হয়। আমার অবস্থান তৈরির পেছনে পরিবারের ইতিবাচক ভূমিকা ছিল।’ সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা বলেন, ‘এই সম্মাননা নারীদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। নারী-পুরুষের সম্মিলিত শক্তিতেই সমাজ এগিয়ে যায়। আমাদের আলোকিত নারীর সংখ্যা যত বাড়বে, সমাজের জন্য তা তত মঙ্গলজনক।’ ১৯৯৩ সাল থেকে ‘অনন্যা শীর্ষদশ’ শিরোনামে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে। সম্মাননাপ্রাপ্তরা নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদপত্র পেয়ে থাকেন।
