মিরপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৮:২০ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে রবিবার দিনভর অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দায়িত্ব অবহেলা ও অনিয়মে জড়িত থাকায় চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি জানিয়েছেন।

তিনি আরও জানান, দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) বিআরটিএ কার্যালয়ে অভিযোগ আসলে সহকারী পরিচালক আতাউর রহমান সরকারের নেতৃত্বে পুলিশসহ সাত সদস্যের দল অভিযান চালায়। এ সময় দুজন আনসার সদস্য, একজন কম্পিউটার অপারেটর ও একজন অফিস সহকারীকে দায়িত্বে অবহেলা ও অনিয়মের সঙ্গে জড়িত বলে শনাক্ত করা হয়। দুদক পর্যবেক্ষণ দেওয়ার পর বিআরটিএ কর্তৃপক্ষ তাদের তাৎক্ষণিকভাবে বদলি করে।

এদিকে দুদক টিম ফিটনেস সার্টিফিকেট প্রদানের জন্য ব্যবহৃত দুটি মেশিন নষ্ট অবস্থায় পায়। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএ কর্তৃপক্ষ জানান যে, গত দুই মাস ধরে সফটওয়্যার ডাউন থাকায় তারা ম্যানুয়ালি পরীক্ষা করেই গাড়ির ফিটনেস সনদ প্রদান করছেন। এ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের সুযোগ রয়েছে বলে দুদক টিম অভিমত ব্যক্ত করে এবং দুদক টিম দ্রুত মেশিন দুটি মেরামতের পরামর্শ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত