বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেছেন, বর্তমান সময়ে অর্থনৈতিক কূটনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কমার্শিয়াল কাউন্সিলরদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশকে তুলে ধরতে হবে।
গতকাল বিডার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় বিডার কর্মকর্তাসহ জেনেভার নবনিযুক্ত ইকোনমিক মিনিস্টার এবং যুক্তরাষ্ট্র, রাশিয়া, দুবাই, চীন, স্পেনের কমার্শিয়াল কাউন্সিলর
ও ভারতের প্রথম সচিব উপস্থিত ছিলেন।
বিডা চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বিনিয়োগের সার্বিক পরিস্থিতি মিশনগুলোর মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে। বিনিয়োগকারীদের বিভিন্ন সুযোগ ও প্রণোদনা সম্পর্কে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে বিডাসহ বেজা, বিএইচটিপিএ, পিপিপিএ অফিস মিশনগুলোকে সহযোগিতা করবে।
কাজী আমিনুল ইসলাম বলেন, কমার্শিয়াল কাউন্সিলররা সীমিত সময়ের জন্য নিয়োগ পান। এই অল্প সময়ে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরতে কমার্শিয়াল কাউন্সিলরদের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে।
